আইন নিজের হাতে নয়, দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিন: সমাজকল্যাণমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

আইন নিজের হাতে নয়, দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিন: সমাজকল্যাণমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি নষ্টের ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা রুখতে তৃণমূল পর্যায় থেকে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে রাস পূজা উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গজেন চন্দ্র বর্মন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি মহল মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করতে পারে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, কাউকে আইন নিজের হাতে তুলে না নিয়ে বরং দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা সচল রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন শিল্পী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।