হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের, মার্কিন রণতরিতে হামলার তথ্য জানাল নৌবাহিনী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের, মার্কিন রণতরিতে হামলার তথ্য জানাল নৌবাহিনী

হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং শত্রুপক্ষের সামরিক সক্ষমতা এই অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিশেষ সংবাদ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরানের নৌবাহিনী দিবস এবং ‘মারমার’ অভিযানের বার্ষিকী সামনে রেখে দেওয়া বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল ইরানি জানান, প্রতিপক্ষের লক্ষ্য ছিল ইরানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, আঞ্চলিক ও অভ্যন্তরীণ জলসীমা হয়ে উপকূল, দ্বীপপুঞ্জ ও বন্দরগুলোতে প্রবেশ করা। তবে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সমন্বিত প্রতিরোধে সেই পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গভীর সমুদ্রের পথে বাধা তৈরি হওয়ায় শত্রুপক্ষ এখন কেবল হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার পথ খুঁজছে, আর তাদের বাহিনী আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় আটকে আছে। ভবিষ্যতে তাদের আরও পিছু হটতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুদ্ধের শুরুর দিকের একটি ঘটনার বিবরণ দিয়ে নৌবাহিনীর প্রধান বলেন, সংঘাতের দ্বিতীয় দিনেই একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ আঘাত হানা হয়েছিল। তাঁর দাবি, ওই হামলার পর ক্ষয়ক্ষতি সামাল দিতে ও আহতদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোর সহায়তা নিতে হয় এবং রণতরিটির ডেক থেকে বিমান উড্ডয়ন ও পরিচালনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

হরমুজ প্রণালির ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে রিয়ার অ্যাডমিরাল ইরানি আরও বলেন, শত্রুর এফ-৩৫ যুদ্ধবিমান ও ড্রোনসহ নানা সামরিক সরঞ্জাম প্রতিদিনই এই কৌশলগত অঞ্চলে আটকা পড়ছে। স্থল, জল ও আকাশ—সব পরিসরেই শত্রুর বিভিন্ন সামরিক সরঞ্জাম অক্ষত অবস্থায় জব্দ করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা এখন প্রতিপক্ষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে, যা তাদের পূর্বের সামরিক হিসাব-নিকাশে ছিল না।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।