দেশের অভ্যন্তরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

দেশের অভ্যন্তরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে কে কী করছে সেদিকে না তাকিয়ে দেশের ভেতরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় এসব সদস্য আহত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সীমান্তের ওপার থেকে নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের উসকানি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি এলাকায় ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিলের খবর পাওয়া গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বড় কোনো অস্থিরতা তৈরি করা যাবে না। বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত; অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না।

সহিংসতায় আহত পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে সালাহউদ্দিন আহমদ জানান, অনেকের মাথায় আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর জখম রয়েছে এবং কয়েকজনের বিশেষায়িত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। দায়িত্ব পালনে তাঁদের ধৈর্য ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ নানাভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সংযমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের ওপর বলপ্রয়োগ করেননি এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে ইতিবাচকভাবে আলোচিত হয়েছে। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণায় সাধারণ শ্রমিকরা সন্তুষ্ট ও শান্তিপূর্ণ রয়েছেন; কিছু স্বার্থান্বেষী মহল শ্রমিক ছদ্মবেশে অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা করলেও সফল হবে না।

ভবিষ্যতে অস্থিরতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব সময় প্রস্তুত রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।