‘ড্যাডি কুল’-এ শাহরুখ-কারিনার ঝড়, মুগ্ধ তারকারা


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

‘ড্যাডি কুল’-এ শাহরুখ-কারিনার ঝড়, মুগ্ধ তারকারা

শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর থেকেই অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। এই গানে শাহরুখ খান-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কারিনা কাপুর খান, আর দুজনের নাচ ও পর্দার বোঝাপড়ায় মুগ্ধ হয়েছেন বলিউডের বহু তারকা।

গানটি সামনে আসার পর কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা। করণ জোহর উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বিপজ্জনক! ব্লকবাস্টার! ভাইকে দারুণ আকর্ষণীয় লাগছে। বেবো একজন রানি। দুজনের রসায়ন দুর্দান্ত।’ এ ছাড়া আলিয়া ভাট লিখেছেন ‘উফফফ!’, ভূমি পেড়নেকর ‘ও মাই গড!’, কারিশমা কাপুর ‘ভালোবাসা’, মাহিপ কাপুর ‘অবিশ্বাস্য!’ এবং শানায়া কাপুর ‘অবাস্তব!’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোনম কাপুর মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

ডিস্কো আমেজের আবহে শাহরুখ খানের এন্ট্রি দিয়ে গানের ভিডিওর শুরু হয়; এরপর কারিনাকে নিয়ে তিনি নাচের মঞ্চে ওঠেন। গানের প্রাণবন্ত আবহের সঙ্গে দুজনের ছন্দ ও আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ভিডিওতে মরিচ রঙের চুল, সুঠাম গড়ন ও পরিপাটি লুকে ধরা দিয়েছেন শাহরুখ, আর লাল রঙের জমকালো পোশাকে নজর কেড়েছেন কারিনা।

১৯৭৬ সালে বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর বলিউড রূপ এটি। নতুন এই সংস্করণের সুর করেছেন শচীন-জিগর, হিন্দি কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখ ও কারিনার নাচের দৃশ্য কোরিওগ্রাফ করেছেন বৈভবী মার্চেন্ট।

ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও ফিরলাম… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো কুল!’ ওই পোস্টেই তিনি নিশ্চিত করেছেন, ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির তারকাবহুল তালিকায় শাহরুখ ও কারিনার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। পাশাপাশি এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখকন্যা সুহানা খানের। ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।