রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় আল-ফালাহ মিলনায়তনে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই অধিবেশনের সূচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেছেন যে, প্রধানমন্ত্রীর দেওয়া ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে প্রস্তুত জামায়াত; তবে সেই বৈঠকে নিজস্ব কোনো দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের দাবিগুলোই তুলে ধরা হবে।
চলতি বছরের জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত যে অঙ্গীকার ও বক্তব্য ছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে।
জুলাইয়ের প্রতিশ্রুতি উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ডা. শফিকুর রহমানের মতে, সংস্কারের মাধ্যমে পরিবর্তন এলে আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সংশোধনের ক্ষেত্রে সেই সুযোগ তৈরি হয়।
জাতীয় ঐকমত্য কমিশনে সব দলের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন—অন্যথায় জাতীয় ঐক্য টেকসই হবে না। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় দখলদারিত্ব ও স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ রুদ্ধ করার অভিযোগও তোলেন তিনি।
পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণেই শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। মজুরি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিক ও শিল্প—উভয়কেই বাঁচানোর আহ্বান জানান তিনি।
দীর্ঘ সাড়ে ১৬ বছরের নির্যাতন, শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, কারাগারে মৃত্যু, গুম-খুন ও দল নিষিদ্ধের অতীত স্মরণ করে তিনি বলেন, পুরোনো বা নতুন কোনো ফ্যাসিবাদই মানুষ চায় না। যুবসমাজকে সম্পৃক্ত করে আধিপত্যবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অধিবেশনে নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ এবং মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।