গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সামান্য বিষয় পরিবর্তনের অজুহাতে শিক্ষার্থীরা সময় নষ্ট করে মোবাইল বা মাদকাসক্ত হয়ে পড়ুক—সরকার তা চায় না। বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে ভারসাম্য ও সমন্বয়ের ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার অতীত ও ভবিষ্যৎ প্রসঙ্গে ড. মিলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ও ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
অন্যদিকে বিগত ১৭ বছরের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, গোপনে তৈরি কারিকুলামের মাধ্যমে শিক্ষাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতি কাটাতে এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
কারিগরি শিক্ষায় জোর দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই নতুন বই যুক্ত করা হয়েছে।