আহত পুলিশ সদস্যদের পুলিশ পদক ও পুরস্কার দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

আহত পুলিশ সদস্যদের পুলিশ পদক ও পুরস্কার দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ নানা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে তিনি এ কথা জানান।

হাসপাতালে চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন। এ সময় আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন—যাদের কারও মাথায় গুরুতর আঘাত এবং কারও হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কয়েকজন সদস্যের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাহিনীগুলো এখন সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি—যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। যেকোনো অস্থিরতা মোকাবিলায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা কখনোই সফল হবে না।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।