জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনে বাধা প্রদান এবং এক শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারের ঘটনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে উন্নীত হন। তাঁদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। সে সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা প্রদান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক মো. নূর নবীকে ১৯ জুলাই ডিবি পুলিশের মাধ্যমে গ্রেপ্তারের ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে। এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পদোন্নতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় তৎকালীন প্রক্টর জাহাঙ্গীর হোসেনের ভূমিকা তাঁরা ভুলে যাননি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যাঁরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিংবা আন্দোলন দমনে সহযোগিতা করেছেন, তাঁদের বিষয়ে ছাত্রদলের অবস্থান কঠোর। তিনি প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, জকসুর জিএস ও জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফ বলেন, তৎকালীন প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তারের ঘটনায়ও সাবেক প্রক্টরের ভূমিকা ছিল। বর্তমান প্রশাসনের সময়ে এমন একজন শিক্ষককে পদোন্নতি দেওয়ার বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাঁরা অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এবং সিদ্ধান্তের যৌক্তিকতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।