‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার,


‎মো. সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, , আপডেট করা হয়েছে : 26-11-2026

‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার,

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতাসহ বাচ্চু মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎

‎আজ বৃহস্পতিবার বিকেলে চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া পুরাতন আখড়া বাজারের পশ্চিমে মগলেন নদীর দক্ষিণ পাড় থেকে তাকে আটক করে।

‎

‎গ্রেফতারকৃত বাচ্চু মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের অণু মিয়ার ছেলে।

‎

‎চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় বাচ্চু মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতা এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।

‎

‎পুলিশ জানায়, মগলেন নদীর পাড়ে নৌকায় বসে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন বাচ্চু মিয়া। নদীপথ ব্যবহার করে সহজেই মাদক আনা-নেওয়া করতেন তিনি। তার হিসাবের খাতায় কার কাছে কত পিস ইয়াবা বিক্রি হয়েছে, কে কত টাকা বাকি রেখেছে — সবকিছুর হিসাব লেখা ছিল। পুলিশের ধারণা, এই খাতা ধরে আরও অনেক মাদক ক্রেতা ও বিক্রেতার সন্ধান পাওয়া যাবে।

‎

‎পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় ৩টিসহ মোট ৪টি মামলা রয়েছে। এর আগেও মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েও জামিনে বেরিয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

‎

‎এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

‎

‎স্থানীয়রা জানান, বাচ্চু মিয়ার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।