বরিশাল ও পিরোজপুরে এলজিইডির ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি টাকার অনিয়ম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-11-2026

বরিশাল ও পিরোজপুরে এলজিইডির ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি টাকার অনিয়ম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মাঠে কোনো কাজ না করেই নথিপত্রে শতভাগ অগ্রগতি দেখানো, সড়ক না বানিয়েই ৯৫ শতাংশ বিল তুলে নেওয়া, একই কাজ একাধিক প্রকল্পে দেখিয়ে দ্বৈত বিল আদায় এবং চুক্তিমূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের মতো গুরুতর অনিয়মের চিত্র উঠে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তদন্ত প্রতিবেদনে। বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে এ প্রক্রিয়ায় ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই ১৭টি প্রকল্পের বিপরীতে ছাড় করা হয় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। অথচ মাঠপর্যায়ে মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার কাজের অস্তিত্ব পাওয়া গেছে। বাকি ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা অস্তিত্বহীন কাজে লোপাট হয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এই অনিয়মের নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ছত্রছায়া ছিল। মূল অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন:

এ ছাড়া এলজিইডির স্থানীয় ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের তথ্যও প্রতিবেদনে এসেছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম ও হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন এবং বিভিন্ন প্রকল্প পরিচালক (আব্দুল হাই, সুশান্ত রঞ্জন রায়, সৈয়দ আহমাদ আলী, মোহাম্মদ আদনান আখতারুল আজম, কাজী মিজানুর রহমান ও মোহাম্মদ রফিকুল হাসান)।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন যে, উন্নয়ন প্রকল্পগুলোর দলীয়করণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় দপ্তরগুলোর সিন্ডিকেটের কারণে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় হয়েছে। দীর্ঘদিন ধরে জবাবদিহির অভাবে এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর অঞ্চলের অনিয়মের ঘটনায় দুদক ইতোমধ্যে ৮টি মামলা করেছে। এর মধ্যে একটি মামলায় ইন্দুরকানিতে তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা এবং আরেকটি মামলায় ইন্দুরকানি ও কাউখালীতে ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজে ভুয়া অগ্রগতি দেখিয়ে ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। আরেকটি মামলায় দুটি ভুয়া স্কিমে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অনিয়মের শিকার প্রকল্পগুলোর তালিকায় রয়েছে আইআরআইডিপি-৩, আইবিআরপি, সিআইবিআরআর, এসএসএসডব্লিউআরডিপি, ইউটিএমআইডিপি, সিআরএমআইডিপি এবং আইপিসিপি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।