মিরসরাইয়ে কাঠ ও ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজি ও ইকোপার্কের অর্থ লোপাটের গুরুতর অভিযোগ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-11-2026

মিরসরাইয়ে কাঠ ও ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজি ও ইকোপার্কের অর্থ লোপাটের গুরুতর অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশ দিয়ে রাতের আঁধারে চলাচলকারী কাঠ ও ফার্নিচার পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের বিরুদ্ধে মহাসড়কে ‘অঘোষিত টোল’ আদায়ের পাশাপাশি সরকারি প্রকল্প ও ইকোপার্কের তহবিল নয়ছয়ের একাধিক অভিযোগ রয়েছে।

গত ১২ নভেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বৈধ নথিপত্রসহ ফার্নিচার নিয়ে ঢাকার পথে রওনা হয় ব্যবসায়ী মো. হাশেমের একটি ট্রাক। মিরসরাই পৌঁছালে রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ ট্রাকটি আটকে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মো. হাশেমের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও তা গ্রহণ করা হয়নি। বরং বন আইনে মামলা দিয়ে ট্রাক জব্দের ভয় দেখিয়ে প্রথমে ২ লাখ টাকা দাবি করা হয় এবং পরে দর-কষাকষির মাধ্যমে ৮০ হাজার টাকায় বিষয়টি নিষ্পত্তি হয়। বিকাশ, নগদ ও সরাসরি নগদ মিলিয়ে ওই অর্থ পরিশোধের পরই গাড়ি ছাড়া হয় বলে দাবি করেন তিনি।

একাধিক পরিবহন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিরসরাই রেঞ্জ এলাকা পার হতে হলে একটি অলিখিত সমঝোতায় যেতে হয়। তাদের দাবি, নির্ধারিত অর্থ দিলে অবৈধ কাঠবাহী যানবাহনও নির্বিঘ্নে যেতে পারে, কিন্তু অর্থ না দিলে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানি ও মামলার মুখে পড়তে হয়।

বন বিভাগের অভ্যন্তরীণ সূত্রের দাবি, ২০২০ সালে সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে বদলি হয়ে চট্টগ্রাম সার্কেলে যোগ দেওয়ার পর থেকেই শাহানশাহ নওশাদের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট স্টেশনে পদায়ন এবং সেখানে মেয়াদ বাড়ানোকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে।

সূত্রগুলো আরও দাবি করে, ফৌজদারহাটে দায়িত্ব পালনকালে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা ও কাঠ পাচারের একটি চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এরপরই তিনি মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা এবং একই সঙ্গে মহামায়া ইকোপার্কের পার্ক ইনচার্জের দায়িত্ব পান।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘সুফল’ প্রকল্প এবং মহামায়া ইকোপার্কের উন্নয়নকাজে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না হওয়ার অভিযোগও উঠেছে। বনায়ন, বাগান সৃজন, সড়ক নির্মাণ, অবকাঠামো সংস্কার, গভীর নলকূপ, পিকনিক শেড, প্রধান ফটক ও পার্ক অফিস নির্মাণের কাজে অসামঞ্জস্যের কথা বলছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে:

স্থানীয়দের মতে, প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য থাকার কারণেই এসব অভিযোগের পরও তিনি বহাল তবিয়তে রয়েছেন।

এ বিষয়ে জানতে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের দাপ্তরিক নম্বরে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি।

অন্যদিকে, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম. এ. হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ সম্ভব না হলেও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হয়; প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি। তবে এর আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়েছিলেন, অনিয়ম বা চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য কিংবা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রমাণসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।