সুন্দরবনে বনদস্যু আতঙ্ক: জিম্মি জীবন ও জীবিকার মুখে উপকূলের জেলেরা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2026

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক: জিম্মি জীবন ও জীবিকার মুখে উপকূলের জেলেরা

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে সুন্দরব্রে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু ও অপহরণ চক্র। মুক্তিপণের দাবিতে নিয়মিত জেলেদের অপহরণ এবং পরিবারের সদস্যদের হুমকির মুখে উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এরই প্রতিবাদে এবং সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিনব নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জেলে ও বাওয়ালীরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শতাধিক নৌকা নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ ও ক্ষোভের কারণ:

সমাবেশে ভুক্তভোগী জেলেরা অভিযোগ করেন, নিরাপত্তাহীনতার কারণে তাঁরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ধরতে যেতে পারছেন না। এর ফলে উপকূলের হাজারো পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। আন্দোলন করায় বনদস্যুরা ছবি দেখে জেলেদের পরিবারের সদস্যদেরও নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

নেতৃবৃন্দের বক্তব্য:

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ইউনিয়ন বিএনপি নেতা মো. নুরুজ্জামান ও খায়রুল ইসলাম মিলন এবং যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


এদিকে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জেলে-বাওয়ালীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের দমনে যৌথ অভিযান পরিচালনার জন্য বন বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত রবিবারও সুন্দরবনে মাছ শিকারের সময় মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা—যা উপকূলীয় অঞ্চলে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত এই সংকট নিরসনে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।