১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2026

১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

নগরকান্দা (ফরিদপুর): ফরিদপুরের নগরকান্দায় ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অপরাধে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মো. খবির মোল্যার ছেলে। রায় ঘোষণার পর কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পটভূমি ও মামলা: মামলা ও আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম নগরকান্দার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতির পাশাপাশি সকালে শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন। ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি থাকার কারণে তিনি মাইকে শিশুদের মক্তবে আসার ডাক দেননি। তবে ভুক্তভোগী শিশুটি একা মসজিদে চলে গেলে অন্য কেউ না থাকার সুযোগে আরিফুল তাকে যৌন নিপীড়ন করেন। পরবর্তীতে শিশুটি কৌশলে পালিয়ে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়। স্বজন ও স্থানীয় বাসিন্দারা মসজিদে গিয়ে অভিযুক্তকে আটক করে নগরকান্দা থানা পুলিশে সোপর্দ করে।

একই দিনে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৭ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া: ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, কঠোর এই শাস্তির মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা অনেকটাই হ্রাস পাবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।