কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। রবিবার (৮ নভেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
এর আগে গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় নির্জন স্থানে হামলার শিকার হন বিকাশ-রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাঁটুতে আঘাত করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে গভীর রাতে পরিবারের লোকজন তাকে সড়কের পাশে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।