মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-তে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) কর্মী নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
মোট আবেদনকারী: ৪,০২৯ জন।
প্রাথমিকভাবে নির্বাচিত: ৩০০ জন।
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদ: ২০০ জন।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদ: ১০০ জন।
চূড়ান্ত নিয়োগ: প্রাথমিক বাছাইয়ের পর ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে মালয়েশিয়ায় পাঠানো হবে।
বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই উদ্যোগ এবারই প্রথম। এই প্রক্রিয়ায় মেডিকেল ফি ও বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা নিজে বহন করবেন। ফলে নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ জিরো কস্টে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ দারুণ ভূমিকা রাখবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া খুব শীঘ্রই পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র নিয়ে কাজ শুরু করবে বোয়েসেল।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের পূর্ণাঙ্গ তালিকা দ্রুতই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।