কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (৭ নভেম্বর) রাতে টেকনাফের দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধীন সি-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বারীঘাট এলাকা দিয়ে কিছু লোককে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায় এবং পাচারের হাত থেকে ৯ জনকে নিরাপদে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী এবং দুজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। তাদের পরিচয় হলো:
আমির হোসেন (৪৫)
মো. জীবন (১৯)
জান্নাত আরা (১৭)
আব্দুল খালেক (২৯)
ফয়সল করিম (১৬)
আরিফুল ইসলাম (২১)
নুরুল ইসলাম (২২)
আহমদ নবী (২৩)
জাহিদ আলম (১৮)
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত এই ৯ জনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।