নওগাঁয় মাদক সেবনের সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম থানাধীন কেডি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম-দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর থানার ইকরতারা গ্রামের মোঃ আঃ হামিদের ছেলে মোঃ আল-আমিন (২৬), চকদেব পশ্চিমপাড়া গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে মোঃ মেজবাহ হোসেন মুরাদ (২৪) এবং চকএনায়েত মাষ্টারপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী (২৪)।
গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সহায়তায় জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট সেবনের কথা স্বীকার করে। পরবর্তীতে হাসপাতালে করা পরীক্ষায়ও তাদের ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হয়।
নওগাঁ সদর মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।