পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক, দল থেকে অব্যাহতি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2026

পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক, দল থেকে অব্যাহতি

রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ স্থানীয় জনতা রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান (৩৫) এবং তার সহযোগী মশিউর রহমানকে (২৩) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে মিজানকে অব্যাহতি দেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিজানুর রহমান মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং মশিউর রহমান একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় প্রথমে মশিউরকে আটক করে এলাকাবাসী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা মিজানকেও আটক করা হয়। জনতা তাদের কাছে থাকা ৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের একটি তালিকা উদ্ধার করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।



এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ জানান, অপরাধ বা মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির দায়িত্ব যুবদল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মিজানকে ইতোমধ্যে পদ থেকে অব্যাহতি দিয়ে প্রেস রিলিজ জারি করা হয়েছে।



পীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ৯২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।