একাত্তরের পরাজিত শক্তি এবং বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী চক্র একত্রিত হয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সাধারণ জনগণ কোনোভাবেই এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
শনিবার (৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা পৌর সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর ধরে বাংলাদেশকে নানাভাবে শোষণ, শাসন ও নির্যাতন করেছে। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিদেশে বসে বিভিন্ন হুংকার দিয়ে এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেললে তা দেশের মানুষ বরদাশত করবে না বলেও উল্লেখ করেন তিনি।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং তা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে। তবে এর আড়ালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের যেকোনো মূল্যে দমন করা হবে।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাস ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ এক নতুন দিশা পেয়েছিল এবং রক্ষা পেয়েছিল সব ধরনের চক্রান্ত থেকে। এ সময় তিনি নেতাকর্মীদের ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন—ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।