পরীমনির পাশে দাঁড়ানোয় সমালোচনার মুখে প্রভা, দিলেন কড়া জবাব


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

পরীমনির পাশে দাঁড়ানোয় সমালোচনার মুখে প্রভা, দিলেন কড়া জবাব

ঢালিউড অভিনেত্রী পরীমনির আদালতের ঘটনার পর তার পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পরীমনির ঘটনার জেরে নিজের অতীতের একটি ব্যক্তিগত প্রসঙ্গ টেনে কথা বলায় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসব সমালোচনা ও কটূক্তিকে পাত্তা না দিয়ে কঠোর ভাষায় এর জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা স্পষ্ট জানিয়ে দেন, কোনো নারীর অসম্মান বা হয়রানির বিরুদ্ধে তার অবস্থান সবসময় অটুট থাকবে।

পোস্টে প্রভা উল্লেখ করেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলার পর তার মনে হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির আনা ‘ব্যাডটাচ’-এর অভিযোগটি হয়তো সত্য ছিল না। তবে সেই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে, তার প্রতি তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, "আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।"

কোনো নারীর সব আচরণ বা কাজকে অন্ধভাবে সমর্থন করা যে তার উদ্দেশ্য নয়, তা পরিষ্কার করে প্রভা বলেন, কারও অসদাচরণ বা গালাগাল করার ধরন হয়তো তার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না এবং তিনি তা সমর্থনও করেন না। কিন্তু এর মানে এই নয় যে, কাউকে হয়রানি বা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও রয়েছে।

অতীতের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশে প্রভা বলেন, যে ঘটনার জন্য তিনি কখনোই দায়ী ছিলেন না, সেই বিষয় দিয়ে তাকে লজ্জিত করার চেষ্টা করা হলেও তা তাকে অপরাধী করে না কিংবা কারও বিচার তার পরিচয় নির্ধারণ করতে পারে না।

শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী জানান, অযাচিত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেয়ে কোনো নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকেই তিনি অনেক বেশি সম্মানের মনে করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।