ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য 'সার্বভৌমত্ব র্যালি' করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। র্যালিতে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে উপস্থিত হন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল সাড়ে তিনটার পর তাঁর নেতৃত্বেই শুরু হয় এই র্যালি। তাঁকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে পল্টন এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিলে চারপাশ মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগানে।
এর আগে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে ঢাকায় আসতে শুরু করেন। পল্টনের মূল সড়ক ছাড়িয়ে আশপাশের অলিগলিও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
র্যালিতে বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কিছু ব্যতিক্রমী আয়োজন—যার মধ্যে ঘোড়ার গাড়ি ও হাতির বহর নেতাকর্মী ও উৎসুক জনতার দৃষ্টি কাড়ে। বর্ণিল ব্যানার ও ফেস্টুনের পাশাপাশি এসব ভিন্নধর্মী অনুষঙ্গ র্যালিতে বাড়তি উৎসবের আমেজ যোগ করে।