সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই। দেশের অন্যান্য শিক্ষাব্যবস্থার মতো মাদরাসা শিক্ষাও সমান গুরুত্ব বহন করে এবং দিন দিন এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার মুনজিতপুরে
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর জোর দিয়ে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, দুনিয়াবি সাফল্যের পাশাপাশি পরকালের মুক্তির জন্য দ্বীনি ও সাধারণ শিক্ষার মেলবন্ধন জরুরি। আর এই দুই ধারার চমৎকার সমন্বয় রয়েছে মাদরাসা শিক্ষাব্যবস্থায়। তাই সরকারের উচিত মাদরাসা শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া।
মাদরাসার মর্যাদা ও সরকারি-বেসরকারি মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। দেশের সব প্রতিষ্ঠানে মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের মতোই সমানভাবে মূল্যায়ন করা দরকার।”
মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীত এবং বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। পরে হিফজ সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়।
এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।