চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবান: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে পর্যটন কেন্দ্র চিম্বুক পাহাড় এলাকায় একটি বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার চিম্বুক পাহাড় সংলগ্ন ২৭ কিলোমিটার জুড়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ও জাতীয়তাবাদী মতাদর্শের কর্মীরা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

অভিযানকালে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কের উভয় পাশের ময়লা-আবর্জনা এবং রাস্তা সংলগ্ন ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়। বিভিন্ন পাড়া থেকে আসা পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা এতে সক্রিয় অবদান রাখেন।

কর্মসূচি চলাকালে পার্বত্যমন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, "৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক মাইলফলক। এই বিশেষ দিনের তাৎপর্য কেবল আনুষ্ঠানিক সভা-সমাবেশে সীমাবদ্ধ না রেখে চারপাশের পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষায় কাজে লাগানো উচিত।"

তিনি আরও উল্লেখ করেন যে, বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। এখানকার পাহাড় ও পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং পরিচ্ছন্ন বান্দরবান গঠনে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর জোর দেন। পরিবেশ রক্ষায় কেবল সরকার বা প্রশাসনের ওপর নির্ভর না করে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার মানসিকতা নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান মন্ত্রী।

পরিচ্ছন্নতা অভিযানকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।