সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটক: দ্বিতীয় দিনেও মেলেনি সন্ধান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটক: দ্বিতীয় দিনেও মেলেনি সন্ধান

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৮) সন্ধান আজও মেলেনি। নিখোঁজের দ্বিতীয় দিন শনিবারও (০৭ নভেম্বর) সাগর ও এর আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও বন বিভাগ।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাষার ঢালীর ছেলে।

যেভাবে ঘটেছিল ঘটনা: বন বিভাগ জানায়, ১৯ জন পর্যটক নিয়ে ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি ছোট লঞ্চে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন রিয়াজ। গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতি নিয়ে মান্দারবাড়ী নৌপথ দিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। এরপর শুক্রবার বেলা ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছালে পর্যটকেরা ট্রলারে করে চরে ওঠেন। পরে সমুদ্রসৈকতে গোসল করতে নামলে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ গভীর সাগরে তলিয়ে যান।

উদ্ধার তৎপরতা: ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে সন্ধান শুরু করেন। পরবর্তীতে কোস্টগার্ড ও বন বিভাগের কর্মীরাও অভিযানে যুক্ত হন। তবে রাতে প্রবল ঢেউ ও অন্ধকার থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানিয়েছেন, খবর পাওয়ার পর থেকেই কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমানও জানিয়েছেন যে, নিখোঁজ পর্যটককে খুঁজে পেতে যৌথভাবে টহল ও অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।