বাজিতপুরে প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ , আপডেট করা হয়েছে : 07-11-2026

বাজিতপুরে প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

 কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে প্রয়াত বিএনপি নেতা এ. কে. আমিনুল হকের প্রতিষ্ঠিত ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’-এর ১৪ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজের জমির মালিকানা দাবি এবং পরিবারের নিরাপত্তা চেয়েছেন প্রয়াত নেতার স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগম রোজী।


শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাজিতপুর বাজারের গণনাট্য মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছেলে এ কে এম আরিফুল হক রনি, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদলসহ মার্কেটের ব্যবসায়ীরা।


লিখিত বক্তব্যে লায়লা বেগম জানান, তাঁর প্রয়াত স্বামী এ. কে. আমিনুল হক সারাজীবনের উপার্জিত অর্থ দিয়ে বাজিতপুর বাজারের প্রাণকেন্দ্রে নিজ নামে ‘আমিনুল হক সুপার মার্কেট’ এবং তাঁর নামে ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’ প্রতিষ্ঠা করেন। কিন্তু বিগত সরকারের আমলে একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী পক্ষ তাঁর মার্কেটের ১৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে। এ জন্য তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, জমির মালিকানা হস্তান্তরে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ মার্চ রাতে পূর্ব বাজিতপুরে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মার্কেটের মালিকানাসংক্রান্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, পরবর্তীতে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে একটি পক্ষ ২০২৪ সালের মার্চ মাসে তাঁর মার্কেটের জায়গায় ‘রেজিয়া সুপার মার্কেট’ নামে সাইনবোর্ড স্থাপন করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই পক্ষের লোকজন সেখান থেকে সরে যায় বলেও দাবি করেন তিনি।


লায়লা বেগমের অভিযোগ, গত ৩ নভেম্বর সন্ধ্যার পর মার্কেটের ১৪ শতাংশ জমি দখলের পাঁয়তারার অংশ হিসেবে মার্কেটের প্রবেশপথে স্থাপিত তাঁর নামসংবলিত মালিকানার সাইনবোর্ড এবং হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশসংক্রান্ত নোটিশবোর্ড রাতের আঁধারে খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই স্থানে মনিরুজ্জামান মনির গংয়ের নামে জমির মালিকানা দাবি করে একটি ব্যানার টাঙানো হয়।


তিনি দাবি করেন, ১৯৯৩ সাল থেকে ওই ১৪ শতাংশ জমির স্বত্ব ও দখল তাঁর রয়েছে এবং এ-সংক্রান্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত আছে। জমির মালিকানা নিয়ে জালিয়াতির অভিযোগ চ্যালেঞ্জ করে ২০২৩ সালে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে ১৫২/২০২৩ নম্বর মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন।


এ ছাড়া একই জমি নিয়ে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা নম্বর ৩৭৩৭/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।


সংবাদ সম্মেলনে লায়লা বেগম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার পেতে তিনি গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান মনিরের বক্তব্য পাওয়া যায়নি। জমির মালিকানা নিয়ে দায়ের করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।