‘প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে কথা বলেছি, মাদক নির্মূলে গিয়ে কোনো ভুল করিনি’: ইশরাক হোসেন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

‘প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে কথা বলেছি, মাদক নির্মূলে গিয়ে কোনো ভুল করিনি’: ইশরাক হোসেন

হাতে অস্ত্র নিয়ে ধাওয়া করার সেই আলোচিত ঘটনার পর এবার মুখ খুললেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। যুগান্তরের স্টাফ রিপোর্টার নূরে আলম জিকুর কাছে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, ওই ঘটনার পেছনের প্রেক্ষাপট এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় পিস্তল হাতে ধাওয়া করার ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ হারাতে হয়েছিল ইশরাক হোসেনকে। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, সেদিন তিনি কোনো ভুল করেননি।

ইশরাক বলেন, "এলাকা থেকে মাদক নির্মূলের অংশ হিসেবে যথাযথ প্রক্রিয়ায় সেখানে গিয়েছিলাম। আত্মরক্ষার্থে আমার লাইসেন্স করা অস্ত্রটি কিছু সময়ের জন্য প্রদর্শন করেছিলাম, যা পরে আবার যথাযথভাবে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এখানে এক সেকেন্ডের জন্যও আমি কোনো অন্যায় করিনি এবং এটি আমি প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি।"

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইশরাক হোসেনকে দুর্বল করা হলে জামায়াত, এনসিপি কিংবা আওয়ামী লীগ লাভবান হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, "আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার যে প্রয়াসই চলুক না কেন, তা কোনোভাবেই সফল হবে না। প্রধানমন্ত্রী আমার সব কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণ অবগত এবং তিনি আমাকে বিশেষ স্নেহ ও আস্থার চোখে দেখেছেন। দল ও বাইরে থেকে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলায় আমার পূর্ণ মানসিক প্রস্তুতি রয়েছে।"

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও নিজের কাজের দায়বদ্ধতা প্রসঙ্গে ইশরাক হোসেন জানান, তিনি অন্ধ পরামর্শ বা কারও প্ররোচনায় রাজনীতি করেন না। সবার কথা শুনলেও দিনশেষে নিজের কৌশল ও সিদ্ধান্তের চূড়ান্ত দায়ভার সবসময় তিনি নিজেই বহন করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।