ইরানের কেশম দ্বীপে সীমিত হামলা চালাল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

ইরানের কেশম দ্বীপে সীমিত হামলা চালাল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে নতুন করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের নতুন একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতেই মার্কিন বাহিনী এই ‘সীমিত’ অভিযান পরিচালনা করেছে। তার দাবি, মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ওই প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর জানায়। পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সেনাবাহিনীর বরাত দিয়ে দাবি করে যে, কেশম দ্বীপের আকাশসীমায় মার্কিন বাহিনীর একটি এমকিউ-৯ ড্রোন প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে মার্কিন সেন্টকমের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং পরিস্থিতি ‘তুলনামূলক শান্ত’ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে সামরিক উত্তেজনার মধ্যেও তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার টেবিলে অগ্রগতির দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বেশ আগ্রহী। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার গুঞ্জনও নাকচ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত করার অপচেষ্টা থেকেই এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতি সামাল দিতে কাতার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর ট্রাম্পের এই হামলা ও আলোচনা উভয়েরই আলাদা ভূরাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের ফলাফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করার পর এই ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।