ইরানের পরমাণু কর্মসূচির তথ্যে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

ইরানের পরমাণু কর্মসূচির তথ্যে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের পারমাণবিক কর্মসূচির অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্যের খোঁজে বড় আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার (২০ মিলিয়ন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর্থিক পুরস্কারের পাশাপাশি তথ্যদাতার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে অন্য যেকোনো দেশে নিরাপদে পুনর্বাসনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) কর্মসূচির আওতায় সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘোষণা দেয়। শুক্রবার তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


ওয়াশিংটনের চাহিদায় যা যা রয়েছে:


ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির তথ্য।


পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও সরবরাহ ব্যবস্থা।


এই কর্মসূচির সঙ্গে জড়িত শীর্ষ পরমাণুবিজ্ঞানী এবং গবেষকদের পরিচয় ও কার্যক্রম সংক্রান্ত তথ্য।


পুরস্কারের নেপথ্য কারণ:

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ নীতি ও বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হয়েছে ইরান। ফলে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ প্রস্তুত ও মজুতসহ সার্বিক পারমাণবিক কার্যক্রমের ধারাবাহিক তথ্য এখন আইএইএ-র কাছে অনুপস্থিত। সংস্থাটির তথ্যের এই শূন্যতা পূরণেই মূলতঃ ওয়াশিংটনের এই নতুন কৌশল।


তবে ঠিক কী ধরনের বা কতটুকু সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করলে এই পূর্ণ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে কোনো কঠোর মানদণ্ড উল্লেখ করেনি মার্কিন প্রশাসন।


সংবাদ মাধ্যম দ্য ডন-এর সূত্রমতে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ শেষ করে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন কর্তৃক এই বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা তেহরানের পারমাণবিক অবস্থানের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।