রাহুল-মোদি প্রকাশ্য বিতর্ক: সংসদে আসার পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

রাহুল-মোদি প্রকাশ্য বিতর্ক: সংসদে আসার পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর প্রকাশ্য বিতর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। মোদির বিরুদ্ধে রাহুলের প্রকাশ্য বিতর্কের আহ্বানের জবাবে এবার তাকে সংসদে এসে আলোচনার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


হরিয়ানার কার্নালে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তর্কে জড়াতে চাইলে রাস্তায় নয়, বরং সংসদে আসতে হবে রাহুল গান্ধীকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সহ রাহুলের তোলা সব প্রশ্ন নিয়ে আলোচনার জন্য প্রয়োজন সাপেক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও সরকার প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট জানান তিনি।



গত শনিবার ‘রাষ্ট্রীয় একতা দিবসের’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের বিরুদ্ধে দেশকে বিভক্ত করার চেষ্টা এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তোলেন। পাশাপাশি বিদেশে গোপন যোগাযোগ ও ভারতের শত্রুদের সমর্থনের বিষয়টিও সামনে আনেন তিনি। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গত সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানান রাহুল গান্ধী। তরুণ প্রজন্ম ও সংবাদমাধ্যমের সামনে যেকোনো মঞ্চে মুখোমুখি বিতর্কে বসার প্রস্তাব দিয়ে রাহুল অভিযোগ করেন, বিদেশি শক্তির সহায়তায় মোদি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার সরকার বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত।



রাহুলের এই চ্যালেঞ্জের জবাবে অমিত শাহ পাল্টা দাবি করেন যে, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছাড়াও হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে এসআইআর ছাড়াই কংগ্রেস ও বিরোধীরা পরাজিত হয়েছে। তাই পরাজয়ের নেপথ্যে এসআইআর-কে দায়ী করার কোনো ভিত্তি নেই।


পাশাপাশি, সংসদের কার্যক্রম ব্যাহত করে রাস্তায় বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ এনে রাহুল গান্ধীকে সংসদের ভেতরে ফিরে এসে তর্কে অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাস্তায় জমায়েত করে বিজেপি কর্মীদের উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। সব মিলিয়ে এই রাজনৈতিক বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি চ্যালেঞ্জের জেরে ভারতজুড়ে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের সংঘাত এখন আরও তীব্র আকার ধারণ করেছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।