হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে চুরি, ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবিও করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে পিয়াইমসহ আশপাশের বিভিন্ন গ্রামে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আঁধারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। এমনকি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে নারীদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে সামাজিক লোকলজ্জা ও নিরাপত্তার আশঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতে চাননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী আরও জানান, এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাঁদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের নজর এড়িয়ে রাতের বেলায় বিভিন্ন অপরাধ সংঘটিত করতেন। তাঁদের ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালালেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি গ্রামবাসীর।
এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার গ্রামের লোকজন একত্রিত হন। একপর্যায়ে তাঁরা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালান। বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামাল বাইরে এনে খোলা জায়গায় স্তূপ করে আগুন ধরিয়ে দেন।
মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার গ্রামবাসী বাড়ির বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।