রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন—বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর তা জোরালোভাবে অস্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্পষ্টীকরণ পোস্ট দেন গোলাম মাওলা রনি। সেখানে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, সংবাদটিতে যাকে তার স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে, আদতে তিনি তার স্ত্রী নন।
ফেসবুক পোস্টে ওই নারীর পরিচয় তুলে ধরে রনি আরও লিখেছেন, তিনি সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী, চট্টগ্রামের বিতর্কিত এক আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ এবং এক মার্কিন প্রবাসীর আত্মীয়।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে এনসিপি নেতাদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছিল যে, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। তবে রনির এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।