চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অপরাধ চক্রের অন্যতম হোতা ও ১৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এখলাছপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিকেলে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ সময় ফিরোজ বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ির মৃত মজিবুর রহমান বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, ফিরোজ বাবু দীর্ঘ দিন ধরে এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (হেরোইন, ইয়াবা ও গাঁজা সংক্রান্ত) ১৫টি, ডাকাতির ৩টি এবং অন্যান্য অপরাধের আরও ১টি মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলেই তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।