বিগত সময়ের চরম লুটপাট ও অব্যবস্থাপনার কারণে ধ্বংসের মুখে পড়া স্বাস্থ্য খাতকে বর্তমান সরকার সফলভাবে ট্র্যাকে ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন। তিনি জানান, বর্তমানে এই খাতটিকে পূর্ণগতিতে এগিয়ে নেওয়ার কাজ চলছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘SZMC DAY 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ পরিদর্শন করেন।
উন্নয়ন ও জনবল সংকটে সরকারের নতুন পদক্ষেপসমূহ:
পিপিপি মডেল ও পাইলট প্রকল্প: দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ঢাকার পাঁচটি টারশিয়ারি হাসপাতালের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেবাগ্রহীতাদের চার্জ নির্ধারণের পর পাইলট প্রকল্প শুরু হবে এবং পরবর্তীতে বগুড়াসহ দেশের অন্যান্য বড় শহরেও তা সম্প্রসারিত করা হবে।
চিকিৎসক সংকট নিরসন: স্বাস্থ্য ক্যাডারে নতুন যোগদানকৃতদের মধ্য থেকে ইতিমধ্যে বগুড়ায় ১৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এ ছাড়া পিএসসির মাধ্যমে নতুন ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া বর্তমানে ইন্টারভিউ পর্যায়ে রয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধা: বগুড়াসহ দেশের বড় হাসপাতালগুলোতে আধুনিক অবকাঠামো নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনায় (ETP) বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে প্রায় ২০টি আধুনিক আইসিইউ (ICU) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিসিপিএস সভাপতি এবং কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবায়দুল হক তরফদারের পৃষ্ঠপোষকতায় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মু. জহুরুল হক।