শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রসিকতা করে বলেন, "তিনি তো আর শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। দিল্লি থেকে তাকে দেশে আনতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তা করতে হবে।"

তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করা চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়ন হলে এ অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। এই করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে, তবে এর আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সিপিসি নেতার এই সফরের ফলে আগামী দিনে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও বেশি গভীর ও গতিশীল হবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।