দেশের শিল্পকারখানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের মতো এবারও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেবে।
বৃহস্পতিবার বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জনগণের সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। একটি কুচক্রী মহল এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তিনি দেশের খেটে খাওয়া মানুষ ও শ্রমিক ভাই-বোনদেরকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করার ঘোষণা দেন এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শ্রমিকদের অধিকার ও নতুন মজুরি বোর্ডের ঘোষণা
গার্মেন্টস ও অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি পর্যালোচনার জন্য ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তাদের কাজ শুরু করেছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্পায়নের প্রসার ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ
দেশের অর্থনৈতিক অগ্রগতির রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত সারা দেশে হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায়। বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি মিল-কারখানা পুনরায় চালুর পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করে তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
সফরের অন্যান্য কর্মসূচি
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাটাখালীর পথসভা শেষে মাজার জিয়ারত সম্পন্ন করে তিনি খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।