আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে প্রকাশ্যে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
ঘটনার ভিডিওতে স্পষ্ট দেখা যায়, চিত্রনায়িকা পরীমণি সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাঁকে হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা বডিগার্ডদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে, এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে প্রকাশ্যে হেনস্তা, গালিগালাজ ও হুমকির শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কিন্তু প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন কিংবা বডিগার্ড দিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।
এমআরএ সেক্রেটারি আকতারুজ্জামান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, আহত সাংবাদিকদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা এবং হামলা ও হুমকির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এমআরএ স্পষ্টভাবে জানাতে চায়, সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, গালিগালাজ ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে সংগঠনটি আপসহীন। একজন সাংবাদিকের ওপর হামলা পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সব সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে এমআরএ।