কঙ্গো মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট প্রেরণ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

কঙ্গো মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট প্রেরণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি নতুন দল ঢাকা ত্যাগ করেছে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বুধবার জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে তাঁরা কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন। কঙ্গোতে বর্তমানে কর্মরত ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিটকে প্রতিস্থাপন করতেই এই নতুন দল পাঠানো হয়েছে। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।



বিদায় সংবর্ধনা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শান্তিরক্ষীদের সাফল্য ও নিরাপদ যাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


পূর্বপ্রস্তুতি: এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী দলের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেন।


আইএসপিআর জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও নানা অপপ্রচারের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের বাজেট সংকোচন এবং ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের পরিধি কিছুটা সংকুচিত হলেও বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদাপূর্ণ অবস্থান সফলভাবে ধরে রেখেছে। কঙ্গোর শান্তি প্রতিষ্ঠায় বিগত দিনে বিমান বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে সে দেশের সরকার ও জনগণের গভীর আস্থা অর্জন করেছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।