মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির অনাকাঙ্ক্ষিত ভরাডুবি এবং তিন দশকেরও বেশি সময় পর টেক্সাসে ডেমোক্র্যাটিক দলের ঐতিহাসিক গভর্নর জয়ের ফলে নতুন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমীকরণের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সরাসরি ব্যালটে না থেকেও এই নির্বাচনের অন্যতম প্রধান পরাজিত পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

রিপাবলিকান প্রার্থীদের জয় এবং টেক্সাসকে নিজেদের রাজনৈতিক প্রভাবে ধরে রাখতে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ঢেলেছিলেন এই ধনকুবের। কারণ, এই রাজ্যেই অবস্থিত তার প্রধান প্রতিষ্ঠান টেসলা, স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ নির্মাণ শিল্প প্রকল্প। কিন্তু গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জিনা হিনোহোসা জয়লাভ করায় সেই বিশাল বাজি মুখ থুবড়ে পড়েছে।

নির্বাচনী ফলের তাৎক্ষণিক প্রভাবে আর্থিক বাজারে হোঁচট খেয়েছে মাস্কের প্রতিষ্ঠানগুলো। স্পেসএক্সের শেয়ারমূল্য ৫.৫ শতাংশ এবং টেসলার শেয়ারমূল্য ৫.১ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন সরকারের অধীনে মাস্কের উচ্চাভিলাষী ডাটা সেন্টারগুলোর অনুমোদন প্রক্রিয়া ধীরগতি হতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কড়াকড়ি বাড়বে। এছাড়া ইউক্রেন যুদ্ধে স্যাটেলাইট ব্যবহারের বিধিনিষেধ, সরকারি চাকরি ছাঁটাই নীতি এবং বড় অঙ্কের সরকারি ভর্তুকি গ্রহণের মতো বিষয়গুলো নিয়ে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের কড়া নজরদারির মুখে পড়েছেন তিনি। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির হবু চেয়ারম্যান রবার্ট গার্সিয়া তো বলেই দিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে এখনই আইনি প্রস্তুতি নেওয়া উচিত।

টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোহোসার সঙ্গে মাস্কের সম্পর্ক আগে থেকেই বেশ শীতল। হিনোহোসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন ডাটা সেন্টার প্রকল্পগুলোতে স্থগিতাদেশ এবং কর ছাড় সুবিধা বন্ধ রাখা হবে। বোকা চিকা কমপ্লেক্সের সম্প্রসারণ ও সৈকত সংলগ্ন পার্ক হস্তান্তরের পরিকল্পনাও এখন এই নতুন রাজনৈতিক বাধার মুখে পড়েছে।

প্রশাসনিক ও আইনি এই জটিলতার মধ্যেও মহাশূন্যে ডাটা সেন্টার স্থাপনের ভবিষ্যৎ নিয়ে নিজের 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডলে হালকা মেজাজে মাস্ক লিখেছেন, মহাকাশে ডাটা সেন্টার স্থাপনই এখন সবচেয়ে আকর্ষণীয় সমাধান মনে হচ্ছে। তবে রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যাওয়ায় নির্বাচনের দিন রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া নিজের পোস্টটি শেষ পর্যন্ত মুছে ফেলেছেন এই শিল্পপতি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।