বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

দীর্ঘদিনের ব্যবসাসংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সরকারের মালিকানাধীন কিংবা বগুড়া সিটি করপোরেশনের উপযুক্ত স্থানে দোকান প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ফল ব্যবসায়ীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের স্টেশন সড়কে ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হাসান, উপদেষ্টা লিটন শেখ বাঘা, সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর আলী ও মুকুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের জীবিকা টেকসই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ব্যবসায়ীরা সাফ জানিয়ে দেন যে, তারা কোনো ব্যক্তিমালিকানাধীন জায়গায় যেতে চান না; বরং সরকারের মালিকানাধীন অথবা বগুড়া সিটি করপোরেশনের অধীনস্থ যেকোনো উপযুক্ত স্থানে তাদের ব্যবসা পরিচালনার জন্য দোকান ও প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করে দিতে হবে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ ব্যবসায়ীরা এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।