কক্সবাজারে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য জব্দের ঘটনায় দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে কারামুক্তির পরপরই তারা সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
আইনজীবীদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত সংশ্লিষ্ট আইনি ধারা পর্যালোচনা করে তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় এই জামিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।
কারাগার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে জামিন আদেশের কপি কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়। এসব রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল।