অনলাইনে কম দামে ইলিশ মাছ বিক্রির লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা একটি চক্রের আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে এই চক্রের মোট ১১ জন সদস্যকে আইনের আওতায় আনা হলো।
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের মিঠুন সূত্রধর (২৯)।
পুলিশ জানায়, এই দুই তরুণ প্রতারক চক্রের টেকনিক্যাল সহযোগী হিসেবে কাজ করতেন। চক্রটির ফেসবুক পেজের প্রচার, বিভিন্ন প্রলোভনমূলক পোস্ট বুস্ট করা এবং ভুয়া ওয়েবসাইট তৈরিতে তাঁরা সহায়তা করতেন।
অভিযানে যা উদ্ধার হয়েছে:
অভিযানের সময় তাঁদের বাড়ি তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৪টি খোলা সিমকার্ড, ১টি ল্যাপটপ এবং ১টি কম্পিউটার পিসি জব্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এই চক্রের আরও ৯ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ।