রাজউক পরিদর্শক ফারুক মালুমের ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরয়ায় ৩৪ ফ্ল্যাট ও ২ দোকান, এমপির ছবি দেখিয়ে সাংবাদিককে ভয়!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

রাজউক পরিদর্শক ফারুক মালুমের ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরয়ায় ৩৪ ফ্ল্যাট ও ২ দোকান, এমপির ছবি দেখিয়ে সাংবাদিককে ভয়!

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এস্টেট পরিদর্শক ফারুক হোসেন মালুমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একজন সাধারণ সরকারি কর্মচারীর বেতনের সঙ্গে তাঁর বর্তমান বিলাসবহুল জীবনযাত্রা এবং স্থাবর-অস্থাবর সম্পদের কোনো মিল নেই। সম্প্রতি একাধিক গণমাধ্যমে তাঁর দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হলে, তিনি সংবাদকর্মীদের ওপর চড়াও হন এবং প্রভাবশালী মহলের প্রভাব দেখিয়ে ভয়ভীতি দেখান বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও উত্তরার বিভিন্ন স্থানে ফারুক মালুম গড়ে তুলেছেন সম্পদের বিশাল সাম্রাজ্য।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও থেমে থাকেনি তাঁর অনিয়ম। ৫ আগস্টের পর প্রশাসনিক অস্থিরতার সুযোগ নিয়ে নিয়মবহির্ভূতভাবে তিনি পদোন্নতি বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে, যা রাজউকের সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

অভিযোগ রয়েছে, রাজউকের পলাতক কর্মকর্তা শেখ শাহিনুল ইসলামের আশ্রয়ে থেকে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতি, নথি গায়েব, ফাইল জিম্মি করা এবং প্লট হস্তান্তরে হয়রানির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশের পর এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ফারুক মালুম তা এড়িয়ে যান। উল্টো তিনি ঢাকা-৯ আসনের এমপি হাবিবুর রশিদ হাবিবের পাশে দাঁড়ানো ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখান। এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তিনি সবার সামনে অফিস ছেড়ে দৌড়ে পালিয়ে যান। রাজউক কার্যালয়ের সামনে হাজারো মানুষের সামনে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনায় সংস্থাটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা মনে করছেন, একজন সাধারণ কর্মচারীর এমন অস্বাভাবিক বিত্তশালী হয়ে ওঠার নেপথ্য রহস্য উদঘাটনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত একটি নিরপেক্ষ ও কঠোর তদন্ত পরিচালনা করা জরুরি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।