আর মাত্র প্রায় এক বছর বাকি আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের। এর মাঝেই শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বের নানা আলোচনা ও ভবিষ্যৎ বাণীকরণের পালা। এই তালিকায় এবার যুক্ত হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভন ২০২৭ সালের শিরোপা জয়ী দল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। তার মতে, আসন্ন বিশ্বকাপে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে মূলত চারটি দল— ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ কি এই শিরোপা জয়ের দৌড়ে রয়েছে?— এমন প্রশ্নের জবাবে ভন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ টুর্নামেন্টে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়বে ঠিকই, তবে তাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব নয়। ৫২ বছর বয়সী এই সাবেক ব্যাটার বলেন, "এই তালিকায় নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা আমি দেখছি না। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিকই, তবে শিরোপা যাবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার ঘরে।"
আগামী বছরের ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ১৪তম এই ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ১৪ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২১ নভেম্বর। উল্লেখ্য, এই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল হলো রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া।