যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস বা কিউএসের (QS) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরাবরের মতো শীর্ষস্থান বজায় রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এশিয়ার ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটি রয়েছে ১৬তম স্থানে। গত ৩ নভেম্বর প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশ অংশ নেয়। এতে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে হংকং বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এটি শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টার ফসল। শুধু র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখাই মূল লক্ষ্য নয়, বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করতে কাজ চলছে।
গবেষণার সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জন নিশ্চিত করাকে নিজেদের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে উপাচার্য এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।