বেতন বৃদ্ধির আন্দোলন: উত্তরায় রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় পুলিশ ও জলকামান মোতায়েন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

বেতন বৃদ্ধির আন্দোলন: উত্তরায় রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় পুলিশ ও জলকামান মোতায়েন

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরার রাজলক্ষ্মী ও এর আশপাশের এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।

জানা গেছে, উত্তরখান-দক্ষিণখান আঞ্চলিক সড়ক হয়ে জসিমউদ্দীন এলাকায় পোশাক শ্রমিকদের জমায়েত হওয়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়কে শ্রমিকদের কোনো উপস্থিতি লক্ষ করা যায়নি।

এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ উত্তরায় সব মার্কেট বন্ধ রয়েছে। ফলে অন্যান্য দিনের তুলনায় জনসমাগম বেশ কম। সকালে যানবাহনের চলাচল কিছুটা সীমিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। তবে শ্রমিকদের সড়কে নামার বা জমায়েত হওয়ার কোনো খবর বা সত্যতা তাদের কাছে নেই। দুই থেকে আড়াই হাজার মানুষের জড়ো হওয়ার একটি গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে—এই বার্তার কোনো ভিত্তি নেই।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।