বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বজায় রাখা এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মাহমুদুল হাসান মুন্না (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার ইয়াসিন আলীর ছেলে। আর ৩২ বছর বয়সী ভুক্তভোগী নারী পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে ওই নারীর সঙ্গে মুন্নার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুন্না ওই নারীর বাসায় ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন। এ সময় বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।
তবে বিয়ের তাগিদ দিলে মুন্না বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি ওই নারীর অন্যত্র বিয়ের সম্বন্ধ ঠিক হলে মুন্না তা ভেঙে দেন বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, সম্পর্কের সুবাদে ধারণ করা ওই নারীর বিভিন্ন ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়স্বজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ওই যুবক।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত মুন্নাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে