হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী এই দাবি করে।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) সিস্টেম বন্ধ রেখে অত্যন্ত গোপনীয় ও অননুমোদিত পথে জলপথটি অতিক্রম করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই সেগুলো মাইনের কবলে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে প্রণালির পূর্বাঞ্চলের জেলেরা রাতের আকাশকে উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি জ্বলছে।
আইআরজিসি আরও জানিয়েছে, এই জলপথ ব্যবহারের সুনির্দিষ্ট নিয়মকানুন আগেই বেতার বার্তা এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছিল। ইরানের এই নির্দেশ অমান্য করে যারা মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে, তাদের সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।