ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের শহরের পুনিয়াটস্থ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দিনটি সফলভাবে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন ও অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মো. আরিফ এবং জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
প্রস্তুতিসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।