সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অথচ ঘড়ির কাঁটায় দুপুর ১টা বাজতেই তালা ঝুলছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এই মহাবিদ্যালয়ে সপ্তাহে দুই দিন—রবিবার পেঁয়াজের হাট এবং মঙ্গলবার পশুর হাট বসে। মূলত স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে গত কোরবানির ঈদ উপলক্ষে তিন মাসের অস্থায়ী পশুহাটের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে গত ৩ আগস্ট সেই মেয়াদের মেয়াদ শেষ হলেও মাঠ ছাড়েনি হাট।
শিক্ষার্থী ও এলাকাবাসীর ক্ষোভ প্রতিষ্ঠানের এমন অনিয়মে চরম ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, হাটের দিনগুলোতে ঠিকমতো পাঠদান হয় না এবং পরিবেশও নষ্ট হয়। এছাড়া মাঠ জুড়ে বাঁশের খুঁটি থাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় যুবসমাজ।
কর্তৃপক্ষের বক্তব্য কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ জানান, হাটের কারণে নিয়ম অনুযায়ী কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তবে পশুহাটের সাধারণ সম্পাদক আলম বিশ্বাস দাবি করেছেন, খুব দ্রুতই কলেজ মাঠ থেকে হাট সরিয়ে নেওয়ার জন্য পাশেই নতুন জমি প্রস্তুত করা হচ্ছে।
অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক জানান, বিকেল ৪টার আগে কলেজ বন্ধ রাখা গুরুতর অপরাধ। প্রমাণ পেলে বা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলামও নিয়মের ব্যত্যয় ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন