গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মোঃ আয়ান শেখ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আয়ান শেখ ওই গ্রামের মোঃ আকাশ শেখের ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের একটি পুকুরে পানিতে পড়ে যায় আয়ান শেখ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাহাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।